সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৯, ২০২৫, ০৪:২০ পিএম

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসন্ন নবম জাতীয় পে স্কেল নির্ধারণের লক্ষ্যে গঠিত পে কমিশনের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় সংগঠনটি সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা সংক্রান্ত একাধিক প্রস্তাবনা তুলে ধরেছে, যার মধ্যে অন্যতম হলো ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব।

বিএফএ তাদের প্রস্তাবে আসন্ন পে স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে। একইসঙ্গে, সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে, যা শহর-গ্রাম নির্বিশেষে সকল ক্ষেত্রে প্রযোজ্য হবে।

লিখিত প্রস্তাবে বন অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন গ্রেড নিয়েও সুনির্দিষ্ট দাবি জানানো হয়। অর্থ মন্ত্রণালয়ের পূর্ববর্তী সিদ্ধান্ত এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী, ফরেস্টারদের বেতন ১০ম গ্রেডে উন্নীতকরণ এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

ভাতা সংক্রান্ত প্রস্তাবনায় বিএফএ শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য মাসিক ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য মোট ৪ হাজার টাকা করার দাবি জানিয়েছে। এছাড়া চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা এবং বাংলা নববর্ষ উপলক্ষে প্রদত্ত বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাব করা হয়েছে। সংগঠনটি বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট ১০ শতাংশ এবং পেনশন সুবিধা ১০০ শতাংশ করারও প্রস্তাব দিয়েছে।

বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মচারীর জন্য ঝুঁকি ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ প্রদানের দাবি জানানো হয়েছে। পাশাপাশি, সরকারি দায়িত্ব পালনকালে কোনো কর্মচারী আহত বা নিহত হলে তার তাৎক্ষণিক চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি তুলেছে বিএফএ।

সংগঠনটি দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর অন্তর পে কমিশন গঠন করে দেশের মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের নিরিখে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা হালনাগাদ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।