রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাকির নায়েকের সফর: ভারতের উদ্বেগের জবাব দিল ঢাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১, ২০২৫, ১০:০৬ পিএম

জাকির নায়েকের সফর: ভারতের উদ্বেগের জবাব দিল ঢাকা

বিশিষ্ট ইসলামী স্কলার ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লির মন্তব্যটি তাদের নজরে এসেছে এবং বাংলাদেশও মনে করে কোনো দেশেরই অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।

শনিবার (০১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম গণমাধ্যমকে এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি স্কলার বা ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।’তিনি আরও বলেন, ‘আমরাও বিশ্বাস করি, কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাকির নায়েকের ঢাকা সফর নিয়ে নয়াদিল্লির উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তিনি (জাকির নায়েক) একজন পলাতক আসামি। ভারতে তার খোঁজ চলছে। তাই আমরা আশা করি, তিনি যেখানেই যাক, সেখানকার লোকরা (কর্তৃপক্ষ) তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তার উদ্বেগগুলো পূরণ করবে।’

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট নামে একটি আয়োজক প্রতিষ্ঠান সম্প্রতি জানিয়েছে, ড. জাকির নায়েক সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

তবে, ভারতের এই উদ্বেগের আগেই গত ২৮ অক্টোবর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, জাকির নায়েকের এই সফরের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না বা অবগত নয়। তিনি সে সময় বলেছিলেন, 'জাকির নায়েককে দাওয়াত দেওয়া হয়েছে বলে আমি জানি না। আমি এরকম কিছু শুনিনি। এটা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম।'