নভেম্বর ২, ২০২৫, ০৩:১৬ পিএম
বিশিষ্ট ইসলামী স্কলার ড. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তার (জাকির নায়েক) বাংলাদেশে আসার বিষয়টি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। এই দুই মন্ত্রণালয় যদি তাকে অনুমতি দেয়, তবেই তিনি বাংলাদেশে আসতে পারবেন।
রোববার (০২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে একটি বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা জানান।ড. জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে এবং এ বিষয়ে ভারতও প্রতিক্রিয়া জানিয়েছে—এ বিষয়ে মন্ত্রণালয় অবগত কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ডা. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার।
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা (তৌহিদ হোসেন) বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন। কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।’
জাকির নায়েকের আসার ব্যাপারে ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সম্মতি আছে কি না, এমন প্রশ্নের জবাবে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন, সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উনারা যদি পারমিট করেন, তবে উনি আসবেন।’
এদিকে, দেশের নির্বাচন পরিস্থিতি নিয়েও কথা বলেন ধর্ম উপদেষ্টা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো জুলাই সনদে স্বাক্ষর না করায় দেশ নির্বাচনের পথে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তো মনে হয় নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাই-কমান্ডের (সরকারের) সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে পারবো, এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে।
এনসিপির স্বাক্ষর না করার বিষয়ে তিনি বলেন, ‘দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও আলোচনার মাধ্যমে তা খুলতে বেশি সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহীহ ও পরিশুদ্ধ, অতএব আমরা সুষ্ঠু, অবাধ একটি নির্বাচনের দিকে এগোচ্ছি।’ তিনি আরও জানান, সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব ঘোচাতে লিয়াজোঁ কমিটি থাকতে পারে এবং যে কোনো ভুল বোঝাবুঝি আলাপ-আলোচনার মাধ্যমেই নিরসন করা সম্ভব।
তাবলিগ জামাতের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে ধর্ম উপদেষ্টা ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন