বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কারাবন্দীরাও এবার ভোট দিতে পারবেন‍‍`: সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩, ২০২৫, ০৩:৫৫ পিএম

কারাবন্দীরাও এবার ভোট দিতে পারবেন‍‍`: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনি হেফাজতে যারা কারাগারে রয়েছেন (আসামি), তারাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভাটারা আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মৌলিক প্রশিক্ষণের (চতুর্থ ধাপ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি জানান, শুধু কারাবন্দী নয়, প্রবাসীরাও এবার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া নির্বাচনে যারা দায়িত্ব পালন করেন, তারাও যেন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।নাসির উদ্দিন বলেন, ‘আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে এবার প্রায় ১০ লাখ লোক মোতায়েন হবে। প্রিসাইডিং অফিসার, রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে প্রায় ১০ লাখ লোক নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকে মূলত তারা নিজেরাই ভোট দিতে পারেন না।’

তিনি বলেন, ‘আমরা এবার উদ্যোগ নিয়েছি, যারা ভোটের দায়িত্বে থাকবেন তারা যেন সবাই ভোট দিতে পারেন। একটি অ্যাপ চালু করা হবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। আপনাদের বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে। গাইডলাইন অনুযায়ী ভোট দিতে পারবেন।’

দেশ একটি সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে উল্লেখ করে সিইসি বলেন, তিনি এই পদটিকে রুটিন দায়িত্ব বা চাকরি হিসেবে নেননি, বরং একটি 'মিশন' ও 'চ্যালেঞ্জ' হিসেবে নিয়েছেন। তিনি বলেন, ‘বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে দেশ যখন রয়েছে, এখানে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। ‘আউট অফ দ্য ওয়েতে’ গিয়ে আমাদের কাজ করতে হবে।’অনুষ্ঠানে সিইসি আনসার বাহিনীর সদস্যদের ভোটকেন্দ্রের মূল শক্তি হিসেবে অভিহিত করেন এবং বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গতিপথ নির্ধারিত হবে, সেখানে আনসার বাহিনীর বিশাল একটি ভূমিকা থাকবে।