রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অনুমতি মেলেনি, ঢাকা আসছেন না জাকির নায়েক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৫:০১ পিএম

অনুমতি মেলেনি, ঢাকা আসছেন না জাকির নায়েক

সরকার থেকে অনুমতি না পাওয়ায় বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক আসন্ন জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এই তথ্য জানিয়েছে। তারা আশা প্রকাশ করেছে যে নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি মিলবে।

আয়োজক সংস্থাটি ডা. জাকির নায়েককে আগামী ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল। কিন্তু গত ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভায় আলোচনা হয়, ডা. জাকির নায়েক বাংলাদেশে এলে বিপুল সংখ্যক জনসমাগম হবে। এই জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজন হবে। কিন্তু সবাই এখন নির্বাচনমুখী থাকায় এই মুহূর্তে এত সংখ্যক সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। এই পরিস্থিতি বিবেচনা করেই সভায় সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়।

স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট সংবাদ সম্মেলনে জানিয়েছে, তারা বিগত চার-পাঁচ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছিল। বহু চেষ্টার পর ২০২৫ সালের ৩১ জুলাই ডা. নায়েক নিজেই বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি দেন।

তারা অভিযোগ করে, সরকারি অনুমোদনের ভিত্তিতে তারা ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে এবং পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য খাতে কোটি কোটি টাকা ব্যয় করে ফেলেছে। হঠাৎ করে সফর স্থগিতের সংবাদে তারা গভীরভাবে বিস্মিত ও উদ্বিগ্ন। আয়োজক সংস্থা আশা করে, সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহ বিষয়টি নির্বাচন পরবর্তীতে অনুমোদন দেবে এবং স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট ডা. জাকির নায়েকের সম্মতিক্রমে পরবর্তী তারিখ ঘোষণা করবে।