নভেম্বর ৭, ২০২৫, ০৮:২০ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া আগামীকাল শনিবার (৮ নভেম্বর) থেকে শুরু হবে। এটি চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে মোট ছয়টি বিভাগে ১০ হাজার ২১৯টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি আগামীকাল জাতীয় পত্রিকায় প্রকাশিত হবে। এই ধাপে যে ছয়টি বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন, সেগুলো হলো:
-
রাজশাহী
-
খুলনা
-
বরিশাল
-
সিলেট
-
ময়মনসিংহ
-
রংপুর
সূত্র আরও জানিয়েছে, দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এই দুই বিভাগে শূন্য পদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।উল্লেখ্য, চলতি বছরের গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
পরে ২ নভেম্বর সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালায় নতুন সৃষ্টি করা সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেওয়া হয়েছে এবং বিধিমালায় কিছু 'শব্দগত পরিবর্তন' আনা হয়েছে। এই নতুন বিধিমালাই এবারের নিয়োগের ভিত্তি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন