নভেম্বর ৮, ২০২৫, ০৩:২৯ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।শনিবার (০৮ নভেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘নির্বাচনী ইশতেহারে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনারে তিনি এই প্রতিশ্রুতি দেন।আমীর খসরু বলেন, নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের চেয়ে ভোটের পরিবেশ সৃষ্টি করাই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মানুষ কতটা ইশতেহার পড়ে ভোট দেয়, তা নিয়ে আমার সংশয় আছে।তিনি আরও বলেন, গণতন্ত্রের মূল বিষয় হলো নিয়মিত আলোচনা এবং জনগণের কথা সবসময় বলতে হবে। বিএনপি দীর্ঘ আলোচনার পর ঐকমত্যের ভিত্তিতেই সনদ সই করেছে। তিনি মনে করেন, ভিন্নমতের প্রতি সম্মান দেখাতে হবে এবং ঐকমত্য ভেঙে নতুন ইস্যু তোলা মানে সেই ঐক্যের প্রতি অসম্মান।
আমীর খসরু অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল জোর করে নিজেদের দাবি চাপিয়ে দিতে চায়। তার মতে, শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনে অনেকের মধ্যে স্বৈরাচারী মানসিকতা জন্ম নিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, সনদ বাস্তবায়নও ঐকমত্যের ভিত্তিতেই হতে হবে।
তিনি প্রশ্ন তোলেন, যারা নির্বাচন বিলম্বিত বা বাধাগ্রস্ত করতে চায়, তারা কি ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে?নতুন প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করবে। কীভাবে সেই কর্মসংস্থান তৈরি করা হবে, তার বিস্তারিত পরিকল্পনা ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে।
সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সবারই প্রতিবাদের অধিকার আছে, কিন্তু মানুষ সংঘর্ষ দেখতে চায় না। তিনি বলেন, ৩১ দফার সব বিষয় সনদে অন্তর্ভুক্ত না হলেও বিএনপি রাস্তায় নামছে না—আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণ ম্যান্ডেট দিলে তা বাস্তবায়ন করা হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন