সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

‘আগামী দিনের বিরল-বোচাগঞ্জ হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজ মুক্ত’ - সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৮, ২০২৫, ১০:১৮ পিএম

‘আগামী দিনের বিরল-বোচাগঞ্জ হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজ মুক্ত’ - সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৮ নভেম্বর ২০২৫, শনিবার, বিরলের কাঞ্চন মোড় হতে একটি মোটরসাইকেলের বিশাল র‍্যালি শুরু হয়ে বিরল উপজেলায় গিয়ে শেষ হয়।

পথসভায় দিনাজপুর-২ আসনের মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, "আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত নেতা যিনি এই বিএনপি নামক দলটিকে তৈরি করেছেন, জনগণের কল্যাণে, জনগণের অধিকার বাস্তবায়নে— সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গর্ব ভরে স্মরণ করছি।"

তিনি বলেন, "আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন, বিরলের মাটি তারেক রহমানের মাটি। আগামীদিনের বাংলাদেশ, ধানের শীষের বাংলাদেশ। আপনাদের সকলকে অনুরোধ করব, কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে, সকলকে বুকে টেনে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া যে লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে দিনাজপুর-২ আসনে ধানের শীষ দিয়েছেন, আমাদের সে লক্ষ্য উদ্দেশ্য সফল করতে হবে। সকলকে এক হয়ে কাজ করতে হবে, সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে জয়যুক্ত করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।"

পিনাক চৌধুরী বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সৎ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, তিনি কখনো দুর্নীতি করেননি। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করেন, তারেক রহমানের চিন্তা চেতনাকে ধারণ করেন, নিশ্চয় তারা কখনো দুর্নীতিবাজ-চাঁদাবাজের সাথে জড়িত হবে না। আমাদের লক্ষ্য, আগামীদিনের বিরল-বোচাগঞ্জ হবে দুর্নীতিবাজ-চাঁদাবাজ মুক্ত বিরল-বোচাগঞ্জ।"

তিনি আরও বলেন, "আগামীদিনের বিরল-বোচাগঞ্জে কোনো বৈষম্য থাকবে না। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে বিরল-বোচাগঞ্জকে বাংলাদেশের বৈষম্যহীন একটি আসন হিসেবে তৈরি করব, ইনশাআল্লাহ।"

মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "যে সকল ভাইয়েরা নির্বাচনি টিকিট পাননি, আমি তাদের অনুরোধ করে বলছি, আসুন আমরা এক হয়ে ঐক্য ঘোষণা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য। আগামী দিনে ধানের শীষের জন্য আপনারা সকলে একজন প্রার্থী হবেন, একেক জন পিনাক চৌধুরী হয়ে মাঠে-ঘাটে জনগণের কাছে ভোট ও দোয়া চাইবেন।"

পথসভায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাকী, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সুলতান মাহমুদ, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হারিসুল ইসলাম প্রমুখ।