নভেম্বর ১৪, ২০২৫, ০৫:২১ পিএম
দেশের সংকটময় মুহূর্তে জরুরি অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং সহায়তা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ধারাবাহিক সমর্থনের জন্য শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়েছে।
আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে এনসিপির একটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও কাঠামোগত সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এনসিপি মনে করে টেকসই উন্নয়নের জন্য এই সংস্কারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আইএমএফ বাংলাদেশের একাধিক অর্থনৈতিক সূচক নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব সূচকের মধ্যে রয়েছে দেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণের হার, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট অর্থাৎ দুর্দশাগ্রস্ত সম্পত্তি এবং যুব কর্মসংস্থানের দুর্বল পরিস্থিতি। এনসিপির প্রতিনিধিরা এই চ্যালেঞ্জগুলো স্বীকার করেন এবং জানান যে তারা রাজস্ব ডিজিটালাইজেশনসহ আর্থিক খাতের চলমান সংস্কারগুলোকে পুরোপুরি সমর্থন করেন।
সংস্কার বাস্তবায়নে কিছু ধীরগতি থাকা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতির প্রতি তারা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলেও আইএমএফকে আশ্বস্ত করেন। সভায় আরও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় যে পূর্ববর্তী সরকারের 'ক্লেপ্টোক্রেসি' বা লুটেরা শাসন কীভাবে শুরু হয়েছিল জাতীয় অর্থনীতি ও প্রশাসনে এর প্রভাব কী ছিল এবং ভবিষ্যতে এ ধরনের দুর্নীতিকে রোধ করতে কী ধরনের কাঠামোগত সংস্কারের প্রয়োজন হবে।
আলোচনায় অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে ছিল দেশের অনানুষ্ঠানিক অর্থনীতির আকার কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে জনগণের নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। আইএমএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এবং ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক এনালিস্ট তৌহিদ এলাহি।
এনসিপির পক্ষ থেকে ছিলেন যুগ্ম আহ্বায়ক ও শিল্প ও বাণিজ্য সেলের প্রধান জাবেদ রাসিন যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান মো সুলতান মোহাম্মদ জাকারিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক সেলের কো-লিড আলাউদ্দিন মোহাম্মদসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। উভয় পক্ষই আশা প্রকাশ করে যে বাংলাদেশের কঠোর পরিশ্রমী জনগণই উন্নয়নের মূল চালিকা শক্তি এবং জনগণের সম্মিলিত মেধা ও শ্রমের মাধ্যমে দেশ আরও সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগিয়ে যাবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন