নভেম্বর ১৪, ২০২৫, ০৭:২৪ পিএম
অন্তর্বর্তী সরকার জুলাই সনদ নিয়ে দায়বদ্ধতা দেখাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করে বলেন সনদ বাস্তবায়ন আদেশ জারির মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে আপাতদৃষ্টিতে খুশি করলেও বাস্তবে দেশের বৃহত্তর জনগণকে ফাঁকি দিয়েছে।
এই আদেশের মাধ্যমে দেশের মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন। শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কঠোর সমালোচনা করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন দেশের মানুষ বাহাত্তরের ফ্যাসিবাদী কাঠামোর অবসান চেয়েছিল কিন্তু সরকারের জারি করা এই আদেশের মধ্য দিয়ে কার্যত আমরা সেই বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি।
তার মতে এটি এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনার ক্ষমতা গ্রহণের প্রস্তুতি ছাড়া আর কিছু নয়। এনসিপির এই নেতা গণভোটের জন্য ঘোষিত ৪টি হ্যাঁ ভোটের প্যাকেজে অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে সরকারকে অবিলম্বে সেগুলো স্পষ্ট করার দাবি জানান। তিনি বলেন এই সনদের আইনি ভিত্তি থাকলেও জনগণের নৈতিক ভিত্তি অর্জিত হয়নি। তিনি আরও মন্তব্য করেন যে সরকারের সদিচ্ছা থাকা সত্ত্বেও দুইটি প্রভাবশালী রাজনৈতিক দলের কারণে তারা প্রত্যাশিত ভালো কিছু করতে পারছে না।
তিনি দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন তারা যেন সংস্কার প্রক্রিয়াকে কেবল ভোটব্যাংকের ইস্যু বানানোর চেষ্টা না করেন। তিনি সতর্ক করে দেন যে এমনটা করা হলে দেশের জনগণ রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করবে। এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলটির মনোনয়নপত্র বিক্রি প্রসঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত ডাক্তার শিক্ষক আলেমসহ সব শ্রেণির মানুষের কাছে ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
মানুষের আগ্রহ দেখে মনোনয়নপত্র বিক্রির সময় আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং তাদের লক্ষ্যমাত্রা ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রি করা। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বলেন গণভোটের অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির ওপর ছেড়ে দেয়া হয়েছে অথচ তারা পুরোপুরি সংস্কার বাস্তবায়ন চেয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন