সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রায় কার্যকর না হওয়া পর্যন্ত খুশি নই: নুরুল হক নূর

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম

রায় কার্যকর না হওয়া পর্যন্ত খুশি নই: নুরুল হক নূর

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ আসামিদের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনটির সভাপতি নুরুল হক নূর বলেছেন, এই রায়কে আমরা স্বাগত জানালেও রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা পুরোপুরি খুশি নন।

সোমবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।নুরুল হক নূর বলেন, এই রায় কার্যকর নিশ্চিত না হলে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ ছাত্র জনতার কেউ নিরাপদ বা চিন্তামুক্ত থাকতে পারবে না।

তিনি এই রায়কে আংশিক রায় হিসেবে গণ্য করে সরকারকে দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার রায় কার্যকরের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি রয়েছে।

এই চুক্তিকে কাজে লাগিয়ে খুনী হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার কার্যকর করতে হবে।এছাড়া তিনি বৃহত্তর রাজনৈতিক দাবি উত্থাপন করে বলেন, দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের প্রধান সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। শুধু খুনী হাসিনা ও আসাদুজ্জামান খানের ফাঁসির রায় দিলেই হবে না, বরং আরও যারা জড়িত ছিল—প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। প্রতিটা আওয়ামী সন্ত্রাসীর বিচার নিশ্চিত করতে হবে। এদিকে, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, আজকের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি।

এই রায়ের মাধ্যমে আগামী দিনে কেউ দৈত্য-দানব হওয়ার আগে চিন্তা করবে। তবে তিনি ফ্যাসিস্ট হাসিনার সহযোগী ডাক্তার দিলীপ কুমার আগরওয়ালা ও ব্যারিস্টার সুমনকে জামিন দেওয়ায় এর নিন্দা জানান।নাজমুল হাসান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী এবং গুলি করার অন্যতম নির্দেশদাতা পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মাত্র পাঁচ বছরের জেল দেওয়া হয়েছে।

যার নির্দেশে গুলি চালানো হয়েছে, অথচ তাকে লঘু শাস্তি দেওয়া হয়েছে। রাজসাক্ষী হলেও তাকে লঘু শাস্তি না দিয়ে ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান তিনি। এই রায় ঘোষণার পর গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়া নাহিদ ইসলাম ভোটের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ভোট চাওয়া রাজনৈতিক দলগুলোর বিষয়ে জাতিকে সতর্ক করেন।