নভেম্বর ১৭, ২০২৫, ১১:০৮ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (১৭ নভেম্বর) রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মির্জা ফখরুল বলেন, "দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ এর ছাত্র-গণঅভ্যূত্থানের মধ্যদিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।"
তিনি উল্লেখ করেন, এই দীর্ঘ সংগ্রামে বিরোধীদলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের অসংখ্য নাগরিক গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছেন।
অবশেষে সহস্রাধিক নাগরিকের আত্মদান ও পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী শাসনামলের পতন হয়েছে।বিএনপি মহাসচিব বলেন, "সারা বিশ্বের জনমত এবং বাংলাদেশের জনগণের দাবী ও প্রত্যাশা ছিল যেন পতিত স্বৈরাচার ও তার দোষরদের মানবতাবিরোধী ও নৃশংস, জঘন্য হত্যাকাণ্ড এবং গণহত্যায় অপরাধের বিচার করা হয়।" তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আজকে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দুই দোষরের বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে।
এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা প্রদান করা হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। একইসঙ্গে, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতার কারণে প্রাপ্য সাজা কমিয়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিএনপি আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং জনগণকে এ ব্যাপারে সদা সর্বদা সচেতন থাকার আহ্বান জানাচ্ছে।তিনি বলেন, "আমরা মনেকরি, দীর্ঘ ১৬ বছরের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যার শিকার এবং ২০২৪ ছাত্র গণঅভ্যূত্থানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার সহশ্রাধিক শহীদের আত্মা শান্তি পাবে এবং তাদের পরিবার পরিজনদের ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হবে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন