রবিউল এহ্সান রিপন
নভেম্বর ২২, ২০২৫, ০৪:৫১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের আয়োজনে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে প্রায় ১০ হাজার মোটরসাইকেলে ২০ হাজারেরও বেশি নেতাকর্মী ও সমর্থক এই শোডাউনে অংশ নেন।
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টাব্যাপী এই শোডাউনটি জনসমুদ্রে পরিণত হয় এবং ভোটারদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
শোডাউনটি ঠাকুরগাঁও শহরের পুরাতন বাস স্ট্যান্ড হয়ে নারগুন, বেগুনবাড়ী, জগন্নাথপুর, সালন্দর, বালিয়া, ভূল্লী, বড়গাঁও, রাজাগাঁও, রুহিয়া, আকচাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে এটি শহীদ স্মৃতিস্তম্ভ গোলচত্বরের সামনে এসে শেষ হয়।শোডাউন শেষে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি ঠাকুরগাঁওবাসীর জন্য একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন:
জেলাকে মাদকমুক্ত করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে।
একটি নিরাপদ ও দুর্নীতিমুক্ত ঠাকুরগাঁও গড়ে তোলা হবে।
মেডিকেল কলেজ, ইপিজেড, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিমানবন্দর চালুসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ঠাকুরগাঁওকে পৃথিবীর বুকে একটি উন্নত জেলা হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
শোডাউনে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, জামায়াত নেতা শামীম হোসেনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।