সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে: আমীর খসরু

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:১২ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে: আমীর খসরু

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, বিনা চিকিৎসায় কোনো মানুষ মারা যাবে না।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অডিটরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ড্যাব নেতাদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ৩১ দফায় স্বাস্থ্য খাত নিয়ে যে অঙ্গীকার আছে, তা আপনারা সারা দেশে ছড়িয়ে দিন।

তিনি বলেন, সাধারণ মানুষকে আশ্বস্ত করুন, তাদের জানান—বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা চালু করবে। এ লক্ষ্যে বিএনপি এখন থেকেই পরিকল্পনামাফিক কাজ শুরু করেছে।আমীর খসরু বলেন, আগের সেই রাজনৈতিক ধ্যান-ধারণা আর নেই। রাজনীতি বদলেছে, মানুষ বদলেছে। আর তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনৈতিক মন্ত্র এখন 'নবযুগের সূচনা'। দেশের সার্বিক পরিবর্তনই এখন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য।

তিনি সহনশীল রাজনীতির ওপর জোর দিয়ে বলেন, আমাদের স্থিতিশীলতার স্বার্থে সহনশীল রাজনীতি করতে হবে। বিএনপি সাংঘর্ষিক রাজনীতিতে যাচ্ছে না, কারণ বিএনপি সহনশীল রাজনীতির পক্ষে। তিনি মনে করেন, প্রতিপক্ষের সঙ্গে তারেক রহমানের পার্থক্য রয়েছে এবং তিনি সাংঘর্ষিক রাজনীতি করতে চান না।

আমীর খসরু আরও বলেন, মানুষের রাজনৈতিক সচেতনতা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সবাই খোঁজে 'আমার জন্য কী আছে'? মানুষ এখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নিরাপত্তাসহ মৌলিক চাহিদাগুলো নিয়ে ভীষণ সচেতন। মানুষের এসব চাহিদা মাথায় রেখেই বিএনপি আগামী রাষ্ট্র বিনির্মাণের ৩১ দফা ঘোষণা করেছে।

তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে মাত্র ১৮ মাসের মধ্যে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ লক্ষ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। তিনি জাতীয়তাবাদে বিশ্বাসী সব নেতাকর্মীর উচিত—এই ৩১ দফা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে এই আলোচনা সভায় ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।