সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির সা. সম্পাদকের সহায়তায় বৃদ্ধ রিপনের সুচিকিৎসা

মোঃ আব্দুর রাজ্জাক

ডিসেম্বর ১, ২০২৫, ০৮:০৯ পিএম

বিএনপির সা. সম্পাদকের সহায়তায় বৃদ্ধ রিপনের সুচিকিৎসা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুলের মানবিক সহযোগিতায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ মো. রিপন আহমেদ চিকিৎসা শেষে এখন সুস্থ। শুধু তাই নয়, সড়ক দুর্ঘটনায় ভেঙে অচল হয়ে পড়া তাঁর জীবিকার একমাত্র অটোবাইকটিও তিনি ফিরে পেলেন নতুন রূপে।

জানা গেছে, বয়সের ভারে সংসার চালাতে ব্যাটারীচালিত অটোবাইক চালাতেন দিনাজপুর শহরের কালিতলাস্থ শাখারীপট্টি এলাকার বাসিন্দা বৃদ্ধ মো. রিপন আহমেদ।

কিন্তু মাসখানেক পূর্বে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন এবং তাঁর অটোবাইকটি অচল হয়ে পড়ে।বিষয়টি জানতে পারেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

তিনি ঘটনাস্থল থেকে বৃদ্ধ রিপনকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। এই নেতার সার্বিক সহযোগিতায় সুচিকিৎসা শেষে রিপন আহমেদ সুস্থ হয়ে গেলে গত ৩০ নভেম্বর রবিবার বিকেলে তাঁকে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ সময় সংসার ও ঔষধপত্র বাবদ কিছু টাকাও তুলে দেন মহিউদ্দিন বকুল।

'মানবতার ফেরিওয়ালা' হিসেবে পরিচিত পৌর বিএনপির এই সাধারণ সম্পাদক সুস্থ হওয়ার পর রিপনের জীবিকা নির্বাহের জন্য তাঁর ভেঙে যাওয়া অটোবাইকটি মেরামত করে নতুন রূপে ফিরিয়ে দেন।মহিউদ্দিন মন্ডল বকুল বলেন, "মানুষের পাশে দাঁড়ানো মুসলমানের নৈতিক দায়িত্ব। দিনাজপুর পৌর এলাকার মানুষদের যেকোনো সমস্যায় আমি সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করবো।" তিনি পৌরবাসীর নিকট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন।