বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে আজ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:০৪ এএম

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে আজ

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন,

কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

এই এয়ার অ্যাম্বুলেন্সে কিছু টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় এর আগমন কিছুটা বিলম্বিত হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন।

দলটির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান বাংলাদেশ বিমানের ফ্লাইটে শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন। তার পৌঁছানোর পরপরই সকাল ১০টার পর কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বে। লন্ডন ব্রিজ হসপিটালে তার উন্নত চিকিৎসা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাতার আমিরের মহানুভবতায় পাওয়া অত্যন্ত উন্নতমানের এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এর আগেও এই অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বেগম জিয়া।

গত এক সপ্তাহ ধরে এভারকেয়ারের সিসিইউতে থাকা খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে ডা. জাহিদ হোসেন জানিয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শক্রমেই খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর আগে যুক্তরাজ্য ও চীন থেকে আসা চিকিৎসকদের অংশগ্রহণে মেডিকেল বোর্ডের বৈঠক হয় এবং তারা বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত দেন।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ১৪ জন ঘনিষ্ঠ ও দায়িত্বপ্রাপ্ত সঙ্গী থাকছেন। এই সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রুপা শিকদার। ডা. জাহিদ হোসেন সবার প্রতি দোয়া চেয়ে আশা প্রকাশ করেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন। এদিকে অন্তর্বর্তী সরকার গত মঙ্গলবার খালেদা জিয়াকে রাষ্ট্রের 'অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি' (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।