বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারাদেশে দোয়া-প্রার্থনা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:১৩ এএম

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারাদেশে দোয়া-প্রার্থনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) সারাদেশের প্রতিটি মসজিদ, মন্দির এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপি বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ জানিয়েছে।

রুহুল কবির রিজভী জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। তিনি বর্তমানে 'অত্যন্ত সংকটাপন্ন' অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন আছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অত্যন্ত নিখুঁতভাবে চলছে।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের অনন্য রাজনৈতিক ঐক্যের প্রতীক। তাকে অসংখ্য জুলুম, নির্যাতন, নিপীড়ন করেও তার সিদ্ধান্ত এবং অটল মনোভাবকে টলানো যায়নি।

তিনি অভিযোগ করেন, তাকে নানা চক্রান্ত, ষড়যন্ত্র এবং নির্যাতন করে হয়তো অসুস্থ করা হয়েছে, কিন্তু দেশের মানুষ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে তার মনোবলকে দুর্বল করা যায়নি। রিজভী বিশ্বাস করেন, "দেশের প্রত্যেক মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ও তার জন্য দোয়া করছে।" দেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নেত্রীর সুস্থতা কামনায় দলীয়ভাবে এই কর্মসূচি সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।