বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবাইদা রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১০:৫৯ এএম

ঢাকায় পৌঁছেছেন ডা. জোবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন-ঢাকা ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর থেকে জোবাইদা রহমান সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে ১২ দিন ধরে খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, জোবাইদা রহমান আসার পরই জাতীয় নেত্রী খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি সঙ্গে থেকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে লন্ডন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।এদিকে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন আগেই জানিয়েছিলেন, জুবাইদা রহমান সঙ্গে থেকে দেশনেত্রীকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যেতে পারেন।

তবে এর মধ্যেই যদি ফ্লাইটের ব্যবস্থা করা না যায়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যে ঢাকায় এসেছেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত ও সংকটাপন্ন। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনের একটি হাসপাতালে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে।