বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ১২:০৩ পিএম

এভারকেয়ারে পৌঁছেছেন ডা. জুবাইদা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে, ডা. জুবাইদা রহমান সকাল সাড়ে ১০টার দিকে লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দেশে পৌঁছানোর পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেবেন তিনি।

এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়ে গেছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।"তিনি আরও বলেন, "ম্যাডামের (খালেদা জিয়া) শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।

 ডা. জুবাইদা রহমান একজন পেশাদার চিকিৎসক হিসেবে তার শাশুড়ির শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং লন্ডন যাত্রার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী খালেদা জিয়ার বিদেশ যাত্রা এবং তারেক রহমানের পরিবারের একজন সদস্যের ঢাকায় আগমন সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।