বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ধানমন্ডিতে বাবার বাসায় গেলেন ডা. জুবাইদা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২৫, ০৪:০৪ পিএম

ধানমন্ডিতে বাবার বাসায় গেলেন ডা. জুবাইদা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গিয়েছেন। শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুরে ২টা ৪৭ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হন বলে নিশ্চিত করেছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।তিনি বলেন, ভাবি লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে যান।

সেখানে তিনি ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন এবং ডাক্তারদের সঙ্গে সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে জরুরি বৈঠকও করেছেন।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি ধানমন্ডিতে তার বাবার (প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান) বাসভবন মাহবুব ভবনে গিয়েছেন। এখানে তার মা সৈয়দা ইকবাল মান্দবানু রয়েছেন।ডা. জুবাইদা রহমান শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় এসেছেন।

এদিকে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়ে গেছে। শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার (৬ ডিসেম্বর) পৌঁছাতে পারে।" তিনি আরও বলেন, "ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাআল্লাহ রোববার (৭ ডিসেম্বর) তাকে লন্ডন নেওয়া হবে।" জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ নেত্রীর শারীরিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত লন্ডন যাত্রার প্রস্তুতিতে ডা. জুবাইদা রহমানের এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।