ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:২৫ পিএম
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে নিজের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে 'বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কাজ' বলে মনে করেন জামায়াত নেতা ও সুনামগঞ্জ-২ আসনের মনোনয়নপ্রত্যাশী, সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
আজ রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এই ঘটনায় সন্ধ্যায় বিবৃতি দেন শিশির মনির।
বিবৃতিতে শিশির মনির বলেন, "আইনের আশ্রয়লাভের সুযোগ সবারই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে যে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুরা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।"
তিনি আইনের শাসনের প্রতি বিশ্বাস ব্যক্ত করে বলেন, "আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এই বিষয়ে উপযুক্ত আদালতে যথাসময়ে আমরা কার্যকর পদক্ষেপ নেব।"মামলার আবেদনকারী ও সাক্ষীদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা করা বাদী ও সাক্ষীগণ ঢাকা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য। প্রাথমিক তথ্যানুযায়ী তারা সবাই একটি রাজনৈতিক দলের কর্মী।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রিদওয়ান হোসেন রবিন মামলাটির আবেদন করেন। মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে শিশির মনির 'রোজা এবং পূজা একই মুদ্রার এপিঠ ও ওপিঠ' বলে মন্তব্য করেন।
মামলার অভিযোগে বলা হয়, ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্মীয় রীতিনীতি একটি অতি স্পর্শকাতর বিষয়। রোজাকে পূজার সঙ্গে একত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করা মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে অভিযোগের বিষয়ে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন