ডিসেম্বর ১২, ২০২৫, ০৭:৪০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান বলেন,হাদির মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। আমরা ঢাকা মেডিকেলে একটা প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেছি। এখন পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।”
তিনি জানান, পরিবার প্রথমদিকে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত মোতাবেক এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা এখন তাকে স্থানান্তরের ব্যবস্থা করছেন।এদিকে ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি শুক্রবার ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনার ষষ্ঠ দিনের সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে এই নিন্দা জ্ঞাপন করেন। তারেক রহমান বলেন,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ঢাকা পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত করা হয়েছে; আমি এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি।”তিনি ছাত্রদলসহ দলের নেতাকর্মীদের প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান, যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীকে খুঁজে বের করতে পারেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন