ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৩০ পিএম
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ধারণা করা হচ্ছে, এই সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা এবং এর প্রতিবাদে ঘোষিত আগামীকাল শনিবারের বিক্ষোভ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানানো হতে পারে।
এদিকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।ওসমান হাদির ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর নতুন তথ্য পাওয়া গেছে। ইনকিলাব মঞ্চের একজন সদস্য মোহাম্মদ ওসামা বিবিসি বাংলাকে জানিয়েছেন।
যে দুজন মোটরসাইকেলে করে এসে ওসমান হাদিকে গুলি চালায়, তারা প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা না গেলেও কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়। বর্তমানে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তথ্য যাচাই-বাছাই করছেন।এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন