ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৫ এএম
ঢাকা প্রতিনিধি: রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলাকারীদের শনাক্ত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, শনাক্ত হওয়া এই সন্ত্রাসীরা যেকোনো সময় গ্রেপ্তার হতে পারে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১২টার দিকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। তিনি বলেন,ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে।
যেকোনো সময় তাদের গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে কাজ চলছে।”এর আগে শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ডিএমপি এই ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার কাজ শুরু করে।
থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে সন্দেহভাজন ব্যক্তি ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছে।ডিএমপি আরও জানায়, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার মতো এই হামলার ঘটনায় জড়িতদেরও দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে। তারা নগরবাসীকে আতঙ্কিত না হয়ে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তা নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে পুলিশকে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করেছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে রিকশায় করে যাওয়ার সময় খুব কাছ থেকে গুলি করা হয় ওসমান হাদিকে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন