ডিসেম্বর ১৫, ২০২৫, ১১:০৪ পিএম
বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চব্বিশের জুলাই যোদ্ধাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার এলে তাদের নিরাপত্তার কী ব্যবস্থা হবে, সে বিষয়ে অনেকের মধ্যে শঙ্কা আছে।
তিনি স্পষ্ট করে ঘোষণা করেন:জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করব ইনশাল্লাহ; তাদের কোনো রকমের অনিরাপত্তার ঝুঁকিতে যেতে দেব না।
বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা এবং জাতীয়তাবাদী পতাকা নিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে আসবেন। তিনি বলেন, "আমরা সবাই সেদিন জেগে উঠব। আমরা গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য অবশ্যই সবাই জেগে উঠব।"অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেননি, তিনি যুদ্ধও করেছেন।
তিনি বলেন, "বাংলাদেশের যে কয়টি সেক্টর ছিল, সব সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতের সীমানার ভেতরে। একমাত্র শহীদ জিয়াউর রহমানের অফিস ছিল বাংলাদেশের অভ্যন্তরে। বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি নিজ হাতে অস্ত্র নিয়ে বাংকারে থেকেছেন, মাঠে যুদ্ধ করেছেন। সে জন্য আমরা আজকে তার গর্বিত সৈনিক।"আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন