রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দেশে ফেরার তারিখ নিজেই জানালেন তারেক রহমান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫৪ এএম

দেশে ফেরার তারিখ নিজেই জানালেন তারেক রহমান

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি নিজেই এই তারিখ ঘোষণা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রায় ১৭ থেকে ১৮ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ তিনি দেশে চলে যাচ্ছেন।

তারেক রহমান আক্ষেপ প্রকাশ করে বলেন, প্রায় ৫৫ বছর আগে যারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাঁদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা ছিল দেশটি কীভাবে গড়ে উঠবে। তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গ টেনে বলেন:দেশের বাইরে যেসব প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন,

বিশেষকরে, যুক্তরাজ্যে যারা আছেন, পথে বের হলে পরিষ্কার রাস্তা দেখি, কিংবা আমরা যখন বিভিন্ন সোশ্যাল বেনিফিট পাই, তখন কিন্তু নিজের অজান্তেই চিন্তা করি যে আহা, আমাদের দেশটি যদি এমন হতো।তিনি বলেন, ১৯৭১ সালে যারা যুদ্ধ করেছেন, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, তাঁদের কিন্তু এমনভাবেই দেশটি গড়ার প্রত্যাশা ও আশা ছিল।মুক্তিযুদ্ধের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর মানুষ আশায় বুক বেঁধেছিল যে এই দেশে গণতন্ত্রের চর্চা হবে এবং এর মধ্য দিয়ে জাতি ধীরে ধীরে এগিয়ে যাবে।

কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম বাকশাল চলে আসলো। আমরা দেখলাম ধীরে ধীরে মানুষের ভোটের ও গণতন্ত্রের অধিকার টুঁটি চেপে ধরা হলো।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় দেশকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা ও উদ্যোগ ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দেওয়া হয়েছে।আলোচনা সভার শেষাংশে তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সামনের দিনগুলো খুব সহজ হবে না। তবে ঐক্যবদ্ধ থাকতে পারলে দল তাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবে এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবে।