ডিসেম্বর ১৮, ২০২৫, ০৯:০৬ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে এনসিপি অভিযোগ করেছে যে, আওয়ামী সন্ত্রাসীদের লাগাতার হত্যা ও ধর্ষণের হুমকি এবং মানসিক নির্যাতনই এই সাহসী নারী নেত্রীর মৃত্যুর প্রধান কারণ।
এনসিপির বিবৃতিতে বলা হয়, মৃত্যুর আগে দীর্ঘ সময় ধরে রুমী আওয়ামী সন্ত্রাসীদের পরিচালিত সংঘবদ্ধ সাইবার বুলিং, প্রকাশ্য প্রাণনাশের হুমকি ও চরম মানসিক নির্যাতনের শিকার ছিলেন।
সংগঠনটি দাবি করেছে:হুমকিদাতা আওয়ামী সন্ত্রাসীদের নাম, মোবাইল নম্বর ও প্রমাণাদি এক মাস আগে গত ১৩ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলেও রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এনসিপি মনে করে, রুমীর মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একজন সাহসী নারী রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে আতঙ্কিত, একঘরে এবং মানসিকভাবে বিপর্যস্ত করে তোলার এই পদ্ধতি আওয়ামী সন্ত্রাসী রাজনীতিরই অংশ। দলটির মতে, এই মৃত্যুর পেছনে আওয়ামী সন্ত্রাসীদের নৈতিক ও রাজনৈতিক দায় সুস্পষ্ট।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জান্নাত আরা রুমীর মৃত্যু মতপ্রকাশের স্বাধীনতা ও বিরোধী রাজনীতির ওপর আওয়ামী সন্ত্রাসের একটি নির্মম অধ্যায়।
এনসিপি এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে রাজধানীর ঝিগাতলার একটি হোস্টেল থেকে রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি ফেসবুকে শরিফ ওসমান হাদিকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছিলেন। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন