ডিসেম্বর ২৫, ২০২৫, ১১:৪৮ এএম
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে রাজধানী ঢাকায় পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সপরিবারে প্রত্যাবর্তন: তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তবে এই যাত্রায় বাড়তি আকর্ষণ হিসেবে যোগ হয়েছে তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’। পরিবারের সদস্যদের সঙ্গে ‘জেবু’কেও লন্ডন থেকে দেশে নিয়ে এসেছেন তারা।
নিরাপত্তা ও অভ্যর্থনা: তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয় নেতাকে বরণ করতে সারা দেশ থেকে আসা লাখ লাখ মানুষের ঢলে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে উত্তরা ও ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। বিএনপি নেতাদের দাবি, এই গণসংবর্ধনায় প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে।আগামী দুদিনের কর্মসূচি: দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তারেক রহমানের আগামী দুদিনের ব্যস্ত কর্মসূচি ঘোষণা করেছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর): জুমার নামাজের পর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।শনিবার (২৭ ডিসেম্বর): সকালে আগারগাঁও নির্বাচন ভবনে ভোটার নিবন্ধন করবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির মাজারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের খোঁজ নেবেন।
বর্তমানে বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি পূর্বাচলের সংবর্ধনা মঞ্চের উদ্দেশে রওনা হয়েছেন। সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন