সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২৫, ০১:০৯ পিএম

জাতীয় পতাকা হাতে তারেক রহমানকে শুভেচ্ছা নেতাকর্মীদের

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে আজ রাজধানী ঢাকা এক নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে তারেক রহমানের গাড়িবহর যখন ৩০০ ফিট (৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে) এলাকায় সংবর্ধনাস্থলের দিকে অগ্রসর হচ্ছিল।

তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ জাতীয় পতাকা নেড়ে তাকে অভিবাদন জানান।তারেক রহমানের গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন

সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, র‍্যাব এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত নিরাপত্তা দল সিএসএফ (CSF)। কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই ধীরগতিতে জনস্রোত ঠেলে এগিয়ে চলেছে তার গাড়িটি।

আবেগঘন মুহূর্ত: বহর চলাকালীন তারেক রহমান গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতা ও নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং প্রিয় নেতার ছবি সংবলিত প্ল্যাকার্ড। ‘লিডার আসছে’ এবং ‘তারেক রহমান’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে সামনে পেয়ে অনেক কর্মীকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

উৎসবমুখর পরিবেশ: বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত দীর্ঘ সড়কের দুপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মোড়ে মোড়ে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে এবং স্লোগান দিয়ে তাদের শীর্ষ নেতাকে বরণ করে নিচ্ছেন। পুরো এলাকার ট্রাফিক ব্যবস্থা সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকলেও জনস্রোতের কারণে যান চলাচল কার্যত বন্ধ হয়ে আছে।

সংবর্ধনাস্থলে পৌঁছে তারেক রহমান দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন এবং এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।