রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৩৯ এএম

আজ যেসব কর্মসূচি তারেক রহমানের

দীর্ঘ সতেরো বছর প্রবাস জীবন শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার অংশ হিসেবে আজ শুক্রবার তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন।

দলীয় সূত্রে জানা গেছে জুমার নামাজের পরপরই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন।

এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বলে নির্ধারিত রয়েছে।

এর আগে গত বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই কর্মসূচির বিষয়গুলো গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন। আজকের কর্মসূচির পাশাপাশি তিনি আগামীকালের অর্থাৎ শনিবারের পরিকল্পনার কথাও তুলে ধরেন। শনিবার সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে তারেক রহমানের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই আততায়ীর গুলিতে নিহত এই ছাত্রনেতাকে সমাহিত করা হয়েছে।

শনিবারের কর্মসূচির মধ্যে আরও রয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ এবং জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়া। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিতে তিনি সশরীরে সেখানে যাবেন বলে জানা গেছে। তবে তিনি ঠিক কোথায় গিয়ে ভোটার হবেন সে বিষয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন যে তারেক রহমান নির্বাচন কমিশনে নাকি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হবেন সে বিষয়ে তাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের এই ফিরে আসা এবং বিরামহীন কর্মসূচি বেশ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।