সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০১:০৩ পিএম

মনোনয়নপত্র জমা দিলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে খুলনার নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জমশেদ খোন্দকারের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেন।খুলনায় জামায়াতের অন্যান্য প্রার্থী: একই দিনে খুলনার আরও তিনটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন:

খুলনা-১: কৃষ্ণ নন্দী (সংখ্যালঘু প্রার্থী হিসেবে বিশেষ আলোচনায়)।

খুলনা-২: অ্যাডভোকেট হেলাল হোসেন।

খুলনা-৬: মাওলানা আবুল কালাম আজাদ।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মিয়া গোলাম পরওয়ার বলেন, “জাতি এখন পরিবর্তন চায়। যারা অতীতে ক্ষমতায় ছিল, তাদের দ্বারা এই পরিবর্তন সম্ভব নয়। ১০ দলীয় এই নতুন জোটই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারবে।” তিনি আরও জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।

খুলনা-১ আসনে হিন্দু প্রার্থী কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, “ধর্ম নয়; বরং ন্যায়, ইনসাফ ও সুশাসনই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। ভিন্ন ধর্মাবলম্বীরাও যদি এই দর্শনে বিশ্বাস করেন, তবে তাঁরা জামায়াতে যুক্ত হতে পারেন এবং নির্বাচনে লড়তে পারেন।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চরমপন্থীদের অপতৎপরতার আশঙ্কা প্রকাশ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতির যেকোনো চেষ্টা জনগণ রাজপথে প্রতিহত করবে।”বক্তব্যের শেষে তিনি জুলাই সনদ বাস্তবায়নে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার আহ্বান জানান।