সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:১২ পিএম

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ আসনে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।

আমির ডা. শফিকুর রহমানের পক্ষে তার দলের জ্যেষ্ঠ নেতারা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।এর আগে গত ২৫ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের।

একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমিরের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এই আসনটি রাজধানীর মিরপুর ও কাফরুলের একটি বড় অংশ নিয়ে গঠিত যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ডা. শফিকুর রহমানের এই মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।এদিকে একই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ও ঢাকা মহানগর যুবদলের প্রভাবশালী নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

জামায়াত ও বিএনপির দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র জমাদানের ফলে ঢাকা-১৫ আসনে নির্বাচনী হিসাব-নিকাশ বেশ জটিল হয়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। বিরোধী শিবিরের দুই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনের মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে।ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী সংগৃহীত ও জমাকৃত মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে যা চলবে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে।

এরপর ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন এবং ১২ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হবে চূড়ান্ত ভোট গ্রহণ।