ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৩২ পিএম
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন।
উল্লেখ্য, গতকাল রোববার রাতে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে ১০ দলীয় নির্বাচনী জোট গঠন করার পর এনসিপির অভ্যন্তরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
দলটির শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা, তাজনূভা জাবীন এবং মওলানা ভাসানীর নাতি আজাদ খান ভাসানীসহ বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন।রোববার রাতে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম স্পষ্ট করেছিলেন যে, জামায়াত ও সমমনা দলগুলোর সঙ্গে তাদের কোনো ‘আদর্শিক ঐক্য’ হয়নি; এটি কেবল একটি ‘নির্বাচনী সমঝোতা’। তিনি বলেছিলেন:এই সমঝোতা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এবং আধিপত্যবাদ ও দুর্নীতিবিরোধী ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে করা হয়েছে।
এনসিপি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে কাজ করবে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতিতে অটল থাকবে।আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে দলের বর্তমান সংকট নিরসন, পদত্যাগকারীদের বিষয়ে অবস্থান এবং নির্বাচনী প্রার্থী তালিকার চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন