ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফনের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে ‘গণতন্ত্রের মা’ এবং ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার বিদায়বেলায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রথম ও প্রধান নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে।
জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।জানাজা সম্পন্ন হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীকে শেরেবাংলা নগরে অবস্থিত প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) কবরের পাশে সমাহিত করা হবে। জানাজা ও দাফন প্রক্রিয়ার সার্বিক তদারকি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাফনের সময় সাবেক এই প্রধানমন্ত্রীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডিএমপি ও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা চলাকালীন সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া জানাজা উপলক্ষে আগামীকাল বুধবার বিশেষ মেট্রোরেল সার্ভিসও চালু থাকবে যাতে সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারেন।
উল্লেখ্য, টানা এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন