বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রথমবারের মতো ছেলের বাসায় খালেদা জিয়া, তবে নিথর দেহে

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৩১, ২০২৫, ১০:২০ এএম

প্রথমবারের মতো ছেলের বাসায় খালেদা জিয়া, তবে নিথর দেহে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিথর দেহ প্রথমবারের মতো তাঁর বড় ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে নেওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে মরদেহবাহী ফ্রিজিং ভ্যানটি গুলশান-২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত বাসভবনটিতে প্রবেশ করে।

তারেক রহমানের এই বাসভবনে বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো দেখার জন্য অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা।

সেখানে উপস্থিত আছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান। এছাড়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সেখানে সমবেত হয়েছেন।

মরদেহ পৌঁছানোর সময় বাসভবনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় নেত্রীর নিথর দেহ দেখে উপস্থিত নেতাকর্মী ও স্বজনদের মধ্যে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।খালেদা জিয়াকে বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। হাসপাতাল থেকে গুলশানের বাসভবন পর্যন্ত মরদেহবাহী গাড়িটির সামনে ও পেছনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

নিরাপত্তায় নিয়োজিত ছিলেন এসএসএফ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য। গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেন তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রী। আজ বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে দাফন করা হবে।