জানুয়ারি ৪, ২০২৬, ১১:০৫ পিএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে শাস্তি পাওয়া ২৩ জন নেতাকর্মীকে ক্ষমা করে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (৪ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আদেশ জারি করা হয়।
এর ফলে দীর্ঘদিনের শাস্তি কাটিয়ে এই নেতাকর্মীরা তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব সুযোগ-সুবিধা ফিরে পেলেন।
আসন্ন নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবেই হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
কারা পেলেন এই সুখবর? দলের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাস্তি মওকুফ পাওয়া নেতাকর্মীদের তালিকায় ময়মনসিংহ, চাঁদপুর, কক্সবাজার, বগুড়া, রাজবাড়ী, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ নেতারা রয়েছেন।
বগুড়া: সবচেয়ে বেশি নেতা পুনর্বহাল হয়েছেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপিতে। এখানকার মোট ১২ জন নেতার পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হায়দার রুমি এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন।
ময়মনসিংহ: ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রাজবাড়ী: জেলা মহিলা দলের সাবেক নেত্রী কাজী শারমিন আক্তার টুকটুকি পদ ফিরে পেয়েছেন।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার এবং মৌলভীবাজার জেলা বিএনপির মতিন বকশের পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার কর্মী সৈয়দ রমিজ উদ্দিনের অব্যাহতির আদেশ বাতিল করা হয়েছে।
অন্যান্য: মৌলভীবাজার ওলামা দল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক নেতাদের সদস্যপদও ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় প্রধানের নির্দেশনায় এই ক্ষমা ও পুনর্বহালের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন