সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত মাওলানা মামুনুল হক

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৫:১০ পিএম

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কিত মাওলানা মামুনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হওয়া নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে এখনো বিগত ফ্যাসিস্ট আমলের কর্মকর্তারা রয়ে গেছেন, যারা নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় হতে পারেন।

রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূইগড় এলাকায় দাওয়াতুল কোরআন মাদ্রাসার এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, প্রশাসনের ভেতরে এখনো আগের আমলের অনেক ব্যক্তি রয়ে গেছেন, যারা সব সময় ইসলামপন্থীদের বিরুদ্ধে অবস্থান নেন।

এই অবস্থায় আমরা একটি সুষ্ঠু ও বৈষম্যহীন নির্বাচনের পরিবেশ পাওয়া নিয়ে শঙ্কিত। তিনি জোর দিয়ে বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব।আসন সমঝোতা ও জোট প্রসঙ্গ: ইসলামী দলগুলোর জোট গঠন নিয়ে ধোঁয়াশা পরিষ্কার করে মামুনুল হক বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোনো বৃহত্তর জোট গঠন করিনি, তবে দলগুলোর মধ্যে আসন সমঝোতা হয়েছে। আমরা ইসলামপন্থীদের একটি ‘বক্স নীতি’তে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। অচিরেই আমাদের চূড়ান্ত আসন বিন্যাস ঘোষণা করা হবে।

নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীর পক্ষে জামায়াতে ইসলামীর প্রার্থীর সরে দাঁড়ানোর গুঞ্জন নিয়ে তিনি বলেন, স্থানীয় কোনো নেতার ঘোষণা চূড়ান্ত নয়। এখন পর্যন্ত এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন আমাদের তালিকার শীর্ষে রয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র থেকেই জানানো হবে।

 সম্প্রতি ১০১ আলেমের নামে প্রকাশিত একটি বিবৃতির কঠোর সমালোচনা করে মামুনুল হক দাবি করেন, এই তালিকায় থাকা অনেক শীর্ষ আলেম এই বিবৃতি সম্পর্কে কিছুই জানেন না। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক আলেমকে ভিডিও বার্তায় এটি পরিষ্কার করতে দেখেছি যে তাঁদের নাম অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে।