বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৫:৩০ পিএম

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে সাক্ষাতের সময়কার একটি ছবি প্রকাশ করে জানানো হয়।

 শুক্রবার বিকেলে গুলশানস্থ কার্যালয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বিদেশি কূটনীতিকদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকে সুনির্দিষ্ট কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এটি মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একটি সৌজন্যমূলক আলাপচারিতা ছিল।নির্বাচন সামনে রেখে বিভিন্ন দেশের কূটনীতিকরা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আগ্রহের জন্ম দিয়েছে।