জানুয়ারি ১০, ২০২৬, ০৩:১৯ পিএম
৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে গুণগত পরিবর্তন এসেছে, সেখান থেকে আর আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নবঘোষিত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মনে করেন, দেশের নতুন প্রজন্ম এখন একটি সঠিক গাইডেন্স এবং উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখতে চাইছে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে পত্রিকা, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশে ফিরে আসার পর সাভারসহ কয়েকটি জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে। তারা একটি আশা দেখতে চাইছে।
১৯৭১, ১৯৯০ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থান—এই সবগুলোকে সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা ও উন্নয়নের জন্য কাজ করি, তবে নিশ্চয়ই আমরা সঠিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব।নারীর নিরাপত্তা ও অধিকার সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের নিরাপত্তা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে এবং সেটা থাকাই স্বাভাবিক। তবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলব—আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে এবং জবাবদিহিতার জায়গাটি নিশ্চিত করতে হবে।
জনগণের কাছে যাওয়ার পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, “আগামী ২২ জানুয়ারি থেকে আমরা আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব। আপনাদের কাছ থেকে আমরা আলোচনা ও গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করি, যাতে দেশের মানুষের সমস্যা সমাধানের কাজে আমরা আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সম্পাদক ইনাম আহমদ, নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার এবং নির্বাহী সম্পাদক এনাম আবেদীন প্রমুখ।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন