জানুয়ারি ১২, ২০২৬, ০২:৪৬ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, অনিয়ম ও কর্তৃপক্ষের দায়িত্বহীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১২ জানুয়ারি) দলের যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রশ্নফাঁসের অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়া গেলে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা নিতে হবে।
বিজ্ঞপ্তিতে এনসিপি উল্লেখ করে যে, গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নানা অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে, যা অত্যন্ত হতাশাজনক। ছাত্র-জনতার ২০২৪-এর অভ্যুত্থান মূলত চাকরি ব্যবস্থায় বৈষম্য ও জালিয়াতির বিরুদ্ধে ছিল।
ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গুণগত পরিবর্তনের চেয়ে নিয়োগ ও বদলি বাণিজ্যে বেশি মনোযোগী হয়েছে বলে অভিযোগ তুলেছে দলটি। এনসিপি এই পরিস্থিতিকে 'শহীদদের রক্তের প্রতি অবমাননা' হিসেবে অভিহিত করেছে।দলের পক্ষ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি পেশ করা হয়েছে: ১. প্রশ্নফাঁসের সকল অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত রাখতে হবে। ৩. অভিযোগ প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজন করতে হবে। ৪. জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে।এনসিপি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি মন্ত্রণালয় বা অধিদপ্তর এই অভিযোগগুলো অবজ্ঞা করে, তবে তারা চাকরি পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন