শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

ওয়াজ ও তাফসির মাহফিলের সব সিডিউল স্থগিত করলেন আমির হামজা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৮:২৬ পিএম

ওয়াজ ও তাফসির মাহফিলের সব সিডিউল স্থগিত করলেন আমির হামজা

নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে নিজের পূর্বনির্ধারিত সকল ওয়াজ ও তাফসির মাহফিলের সিডিউল স্থগিত ঘোষণা করেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান। 

পোস্টে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন যে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে তিনি আজ থেকে দেশের কোথাও কোনো মাহফিলে অংশ নেবেন না। 

আকস্মিক এই সিদ্ধান্তের ফলে যেসব আয়োজক কমিটি ইতিমধ্যে তার মাহফিলের জন্য তারিখ নির্ধারণ করেছিলেন তাদের কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেন যে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না। 

উল্লেখ্য যে সম্প্রতি কুষ্টিয়া সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমির হামজার নাম ঘোষণার পর থেকেই তাকে কেন্দ্র করে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে আজই খুলনার একটি আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে এবং কুষ্টিয়ায় তাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত সমাবেশে বক্তব্যরত অবস্থায় জেলা জামায়াত আমিরের মৃত্যু হয়েছে। 

এসকল ঘটনার পর নিরাপত্তাজনিত কারণেই তিনি জনসমাগম এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার এই ঘোষণার ফলে সারাদেশে তার ভক্ত ও অনুসারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে শীতকালীন এই সময়ে অনেক মাহফিলের আয়োজন করা হয়েছিল যেখানে প্রধান বক্তা হিসেবে আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তিনি মাহফিলে ফিরবেন কি না সে বিষয়ে স্ট্যাটাসে স্পষ্ট কিছু জানানো হয়নি। শেষে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।