জানুয়ারি ২০, ২০২৬, ০১:৫৯ পিএম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিয়েছে। ১০ দলীয় জোটের ঐক্যের মাধ্যমে শেষ পর্যন্ত ২১৫টি আসনে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জোটের বাকি ৮৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে অন্য শরিক দলগুলোর জন্য। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে সংশ্লিষ্ট দলগুলোর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। যা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ এক ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আগে জামায়াত ১৭৯টি আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে যোগ না দেওয়ায় আসন বণ্টনের হিসাবে বড় পরিবর্তন এসেছে।
মূলত চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন আলাদা করে রাখা হয়েছিল। কিন্তু তারা শেষ মুহূর্তে জোটের বাইরে গিয়ে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় সেই আসনগুলো এখন জোটভুক্ত অন্য শরিকদের মধ্যে বণ্টন করা হয়েছে।
হিসাব অনুযায়ী এনসিপি ৩০টি আসন নিশ্চিত করেছে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি এবং খেলাফত মজলিস ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জোটের অন্য শরিক দলগুলোর মধ্যে এলডিপি, এবি পার্টি, বিডিপি এবং নেজামে ইসলাম পার্টিকেও সম্মানজনক আসন ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন বিকেলের মধ্যে জোটের পক্ষ থেকে সব প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামায়াত তাদের নিজেদের শক্তির জায়গাগুলোতে প্রার্থী দিলেও জোটের সংহতি রক্ষায় শরিকদেরও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ায় জোটের শক্তিতে কিছুটা প্রভাব পড়লেও জামায়াত মনে করছে তাদের প্রার্থীরা একক শক্তিতেই ভালো ফলাফল করতে পারবে। অন্যদিকে শরিকদের বড় একটি অংশ মনে করছে জোটগত এই নির্বাচন দেশের সংসদীয় রাজনীতিতে নতুন এক ভারসাম্য তৈরি করবে। বর্তমান পরিস্থিতিতে বড় দলগুলোর বাইরে এই জোট কতটুকু চমক দেখাতে পারে এখন সেটাই দেখার বিষয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন