জানুয়ারি ২০, ২০২৬, ০৫:১০ পিএম
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শহীদদের স্বপ্নের ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সংগঠনটি।
রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার, ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গড়তেই এই ক্যাম্পেইন পরিচালিত হবে।
এই প্রচারণা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ৯ সদস্যবিশিষ্ট একটি ‘গণভোট ক্যাম্পেইন পরিচালনা কেন্দ্রীয় কমিটি’ গঠন করা হয়েছে। মঙ্গলবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এবং সদস্য সচিব হিসেবে থাকবেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদি। কমিটির অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল হক, পাবলিক রিলেশনস সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম তানভীর উদ্দিন, কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কার্যকরী পরিষদ সদস্য ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মুহিবুর রহমান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন যে বিগত দেড় দশকের দুঃশাসন ভেঙে ছাত্র-জনতা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তার মূলভিত্তি হলো ‘জুলাই সনদ’। এই সনদ বাস্তবায়ন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাষ্ট্রের আমূল সংস্কার এখন সময়ের দাবি। তিনি আরও উল্লেখ করেন যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার মাধ্যমেই কেবল শহীদদের স্বপ্ন সার্থক ও সফল করা সম্ভব। এটি কেবল একটি ভোট নয় বরং ফ্যাসিবাদী শাসনের চিরতরে বিলোপ ঘটানোর একটি বড় মাধ্যম।
বিবৃতিতে আরও বলা হয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে মর্যাদাশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা এক ঐতিহাসিক সংস্কার যাত্রায় অবতীর্ণ হয়েছেন। স্বনির্ভর স্বদেশ বিনির্মাণের এই মাহেন্দ্রক্ষণে ছাত্রশিবির দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সুদৃঢ় অবস্থান নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই কমিটির অধীনে জেলা ও উপজেলা পর্যায়েও উপ-কমিটি গঠন করে প্রচারণাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। ছাত্রশিবিরের এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন