জানুয়ারি ২০, ২০২৬, ১১:৩৫ পিএম
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মা-বোনদের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী টিএন্ডটি মাঠে কড়াইলবাসী আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি তাঁর এই ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, “আমরা চাই দালানের মানুষের মতো বস্তির মানুষেরাও সুশিক্ষিত হবেন।
আল্লাহ তায়ালা তৌফিক দিলে এবং জনগণের সমর্থন থাকলে আমরা এসব জনকল্যাণমূলক কাজে সফল হব।বক্তব্যের শুরুতে তারেক রহমান তাঁর পারিবারিক ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান এবং বেগম খালেদা জিয়ার ছেলে।
কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হলো, আমি বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি। তিনি স্মরণ করিয়ে দেন যে, বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন মা-বোনদের শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তিসহ নানা বৈপ্লবিক উদ্যোগ নিয়েছিলেন।
সেই ধারাবাহিকতায় বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে।কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান নিজের অতীত কষ্টের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “আমি আগে ক্যান্টনমেন্ট এলাকায় থাকতাম। সেই বাড়ি যেভাবে অন্যায়ভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, তা আমি কখনো ভুলিনি। সেই অভিজ্ঞতা থেকেই আমি সাধারণ মানুষের গৃহহীন হওয়ার বা উচ্ছেদের কষ্ট অন্তর থেকে বুঝি।
তাই আমার স্বপ্ন—সুযোগ পেলে কড়াইলসহ সারা দেশের বস্তিবাসী ও সাধারণ মানুষের জন্য কাজ করা। তিনি জোর দিয়ে বলেন, কোনো বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।দোয়া মাহফিলে তারেক রহমান স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক ২০২৪-এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই আল্লাহর দরবারে হাত তুলে দেশের জন্য দোয়া করুন। আল্লাহ যদি রহম করেন, তবেই আমরা মা-বোনদের স্বাবলম্বী করতে এবং কৃষকদের ভাগ্য বদলাতে পারব।” সবশেষে তিনি কড়াইলবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে সবার ঐক্যবদ্ধ সমর্থন কামনা করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন