জানুয়ারি ২১, ২০২৬, ১২:১৪ পিএম
দীর্ঘ দুই দশক পর আজ বুধবার (২১ জানুয়ারি) পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সোয়া ৮টার দিকে বিশেষ বিমানে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য মেনে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি।
সিলেটে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর আগমনকে ঘিরে সিলেটজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
পুরো নগরী এখন তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নেতা-কর্মীদের মাঝে বইছে উদ্দীপনার জোয়ার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তিনি নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সিলেটের জনসভা শেষ করেই তারেক রহমান এক ম্যারাথন নির্বাচনী সফরে অংশ নেবেন। বৃহস্পতিবার দুপুর ১টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের কুট্টাপাড়ায় জনসভায় ভাষণ দেবেন। সেখান থেকে তিনি কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী পৌর পার্ক এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।
বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, তারেক রহমানের এই ঝটিকা সফর তৃণমূলের নেতা-কর্মীদের মনোবল কয়েকগুণ বাড়িয়ে দেবে। একদিনে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান জেলাগুলোতে এই নির্বাচনী সফর শেষ করে রাত ১০টার দিকে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। মূলত ভোটের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই জনসমর্থন প্রদর্শন করে প্রতিপক্ষকে কড়া বার্তা দিতে চায় বিএনপি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবকরা তারেক রহমানের এই বিশাল কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন