জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:১০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনেই ভোট নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। তারেক রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের অধিকার ফিরে পাওয়ার লড়াই।
এবারও ভোট নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই ধানের শীষে ভোট দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে এবং ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করে আপনাদের লাইনে দাঁড়াতে হবে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় তারেক রহমান কিশোরগঞ্জের পাঁচটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তবে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান জনসভায় আসার পথে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত হতে পারেননি।
তারেক রহমান ভোটারদের উদ্দেশে বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে। এর আগে তিনি সিলেট, মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক পথসভা শেষে ভৈরবে এসে পৌঁছান।জনসভাটিকে কেন্দ্র করে ভৈরব ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র্যাব ও আনসারের পাশাপাশি বিএনপির নিজস্ব ৩০০ স্বেচ্ছাসেবক শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল।
বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে স্টেডিয়ামে সমবেত হতে থাকেন। তারেক রহমানের এই সফরে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন