জানুয়ারি ২৪, ২০২৬, ১১:০৬ এএম
দীর্ঘ দুই দশক পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এক বিশাল মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এই সফরকে ঘিরে চট্টগ্রাম নগর ও জেলাজুড়ে রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ।
দলীয় নীতিনির্ধারকদের দাবি, এই সমাবেশে অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে, যা চট্টগ্রামের ইতিহাসে ‘স্মরণকালের সবচেয়ে বড়’ জনসমাবেশ হিসেবে চিহ্নিত হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আজ শনিবার রাতেই তারেক রহমান চট্টগ্রামে পৌঁছাবেন। পরদিন রোববার সকাল সাড়ে ৯টায় হোটেল রেডিসনে তরুণদের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক এক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
এরপর বেলা ১১টায় পলোগ্রাউন্ড মাঠে ঐতিহাসিক জনসভায় বক্তব্য দেবেন। আমীর খসরু বলেন, এটি শুধু দলীয় কোনো সমাবেশ নয়, বরং তারেক রহমানকে বরণ করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে।নগরে সাজ সাজ রব ও বিশাল মঞ্চ তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো চট্টগ্রাম শহর পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। সমাবেশস্থলে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন নিজে এই নির্মাণকাজ তদারকি করছেন।
তিনি জানান, মঞ্চের সামনে নারী, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের জন্য আলাদা আলাদা জোন নির্ধারণ করা হয়েছে। পুরো মাঠজুড়ে উন্নতমানের সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে যাতে দূর-দূরান্তের মানুষের কাছেও বক্তব্য স্পষ্টভাবে পৌঁছায়।নিরাপত্তার চাদরে চট্টগ্রাম মহাসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) প্রায় দুই হাজার সদস্য মোতায়েন থাকবে।
পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মঞ্চ এলাকার নিরাপত্তায় বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) কাজ করবে। সিএমপি কমিশনার হাসিব আজিজ জানিয়েছেন, ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকা তল্লাশি করা হবে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।চট্টগ্রাম সফর শেষে তারেক রহমানের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তিনি ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত পথসভা ও সমাবেশে অংশ নেবেন। দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে সরাসরি দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে চট্টগ্রামবাসী।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন