জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:০০ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, আগামী নির্বাচনে ১০ দলীয় জোট বিজয়ী হলে বগুড়াকে পূর্ণাঙ্গ সিটি করপোরেশনে উন্নীত করা হবে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়ার আলফাতুন্নেসা মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত এক বিশাল নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
তিনি বলেন, বগুড়া ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, তাই একে পূর্বের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।সমাবেশে ডা. শফিকুর রহমান এক দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "আমরা নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার বা সন্ত্রাস করব না এবং কাউকে করতেও দেব না।
বিশেষ করে নারীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মায়েদের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব। নারীরা তাদের যোগ্যতা অনুযায়ী সম্মানের সাথে চাকরি করবে এবং রাষ্ট্র তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।
তরুণ প্রজন্মের জন্য বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, "আমরা যুবকদের বেকার ভাতা দিয়ে `বেকারের কারখানায়` পরিণত করতে চাই না। আমাদের অঙ্গীকার হলো যুবকদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা।" তিনি স্পষ্ট করেন যে, যুবকদের কারও দয়ার ওপর নির্ভরশীল না রেখে তাদের সম্মানের সাথে জীবনযাপনের ব্যবস্থা করাই ১০ দলীয় জোটের লক্ষ্য।
বক্তব্যের শেষে তিনি উপস্থিত জনতাকে রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং সংসদ নির্বাচনে ১০ দলীয় জোটের প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। বগুড়ার ৭টি সংসদীয় আসনের প্রার্থীদের জনগণের কাছে ‘আমানত’ হিসেবে উল্লেখ করে তিনি ইনসাফ কায়েমের লড়াইয়ে সবার সমর্থন কামনা করেন। জনসভাকে কেন্দ্র করে পুরো বগুড়া শহরে ব্যাপক গণজোয়ার ও সাজ সাজ রব লক্ষ্য করা গেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন