জানুয়ারি ২৪, ২০২৬, ০৮:৩৭ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা হবে। আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরের বাইরে বের হতে বা পড়াশোনা করতে দেবে না—এমন দাবি কেবল ধোকাবাজদের অপপ্রচার।
নবী (সা.) নারীদের যুদ্ধে নিয়ে গিয়েছিলেন উল্লেখ করে তিনি জানান, তার দল দেশ পরিচালনার সুযোগ পেলে নারীরা সব ক্ষেত্রে পূর্ণ মর্যাদা পাবেন।
সিরাজগঞ্জের স্থানীয় সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে ডা. শফিকুর রহমান তাঁত শিল্প এবং দুগ্ধ খামারিদের দুরবস্থার কথা তুলে ধরেন। তিনি আক্ষেপ করে বলেন, সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পেয়ে রাস্তায় ঢেলে দিচ্ছে, অথচ সরকার বিদেশ থেকে গুঁড়ো দুধ আমদানি করছে।
তিনি প্রতিশ্রুতি দেন, ১০ দলীয় জোট ক্ষমতায় গেলে সিরাজগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে দুগ্ধ প্রক্রিয়াজাত কেন্দ্র গড়ে তোলা হবে এবং তাঁতীদের সহজলভ্য সরঞ্জাম দেওয়া হবে। এতে স্থানীয় বেকারত্ব দূর হবে এবং অর্থনীতি শক্তিশালী হবে।দুর্নীতি ও নদী ভাঙন রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, নদী ড্রেজিংয়ের নামে যারা টাকা চুরি করেছে, তাদের পেট থেকে জনগণের টাকা উদ্ধার করা হবে।
তিনি ঘোষণা দেন, আগামীতে কোনো টেন্ডারবাজি চলবে না এবং সব কাজ হবে ই-টেন্ডার পদ্ধতিতে। এছাড়া তিনি একটি বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, অপরাধ করলে সাধারণ নাগরিকের মতো প্রধানমন্ত্রীরও বিচার হবে। ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন