জানুয়ারি ২৪, ২০২৬, ১০:৩২ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা আক্ষেপের সুরে বলেছেন ১৫ বছর হাল চাষ করলাম বীজ দিলাম ধান লাগালাম কিন্তু ফসল কাটার সময় যদি মরুভূমি আসে তবে কেমন লাগে। আজ শনিবার বিকেলে সরাইলের শাহবাজপুর এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তৃতাকালে তিনি এই মন্তব্য করেন।
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া এই নেত্রী তার নির্বাচনী প্রতীক হাঁস মার্কাকে সাধারণ মানুষের প্রতীক হিসেবে অভিহিত করেছেন।
রুমিন ফারহানা তার সমর্থকদের উদ্দেশে বলেন আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে। আপনারা গুণে গুণে হাঁস খোঁয়াড়ে তুলবেন। তিনি তার বক্তব্যে গত ১৫ বছরের রাজনৈতিক ত্যাগের কথা মনে করিয়ে দিয়ে বলেন ঠিক আছে আমার হাঁস আমার চাষ করা ধানই খাইবো।
অর্থাৎ তিনি দীর্ঘদিনের রাজনৈতিক কষ্টের ফসল হিসেবে আসন্ন নির্বাচনে জয়ী হতে চান। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ভোটারদের উদ্দেশে তিনি বলেন হাঁস মার্কা হলো সাহসের মার্কা সততার মার্কা এবং অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করার মার্কা।ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য কর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন আপনারা ১২ তারিখ সারাদিন ও রাতে ভোটগণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্র আগলে রাখবেন।
আপনারাই আমার ভোটের আসল হেফাজতকারী। তিনি প্রতিশ্রুতি দেন যদি নির্বাচিত হন তবে আগামী পাঁচ বছর সরাইল ও আশুগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। নির্বাচনী প্রচারণার এই পর্যায়ে তার এমন আবেগঘন বক্তব্য স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন